ছাদ উদ্যানে ফসল চাষের প্রযুক্তি উদ্ভাবন
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘বাংলাদেশের শহরাঞ্চলের মাঠে ও ছাদে উদ্যান ফসল চাষের প্রযুক্তি উদ্ভাবন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) এনএটিপি ফেজ-২ প্রকল্পের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
বারি'র উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক এবং প্রকল্পের কোঅর্ডিনেটর ড. আবেদা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বারি'র পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এস এম শরিফুজ্জামান, বিএআরসি'র পরিচালক (পিআইইউ-বিএআরসি, এনএটিপি-২) ড. মো. হারুনুর রশিদ।
কর্মশালার কারিগরি সেশনে বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মোফাজ্জল হোসেন। বারি'র ফুল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারজানা নাসরীন খানের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফুল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (কম্পোনেন্ট-১) ড. কবিতা আনজু-মান-আরা।
কর্মশালায় বারি'র অন্যান্য পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে শহরাঞ্চলে খোলা জায়গা এবং ছাদে ফুল, ফল, সবজিসহ বিভিন্ন ধরনের উদ্যান ফসল চাষের বিপুল সুযোগ রয়েছে। এর ফলে একদিকে যেমন মানুষ নিজেদের উৎপাদিত ফসল খেতে পারবে, তেমনি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শহরাঞ্চলের পরিবেশ সুরক্ষায়ও বিশেষ ভূমিকা রাখবে। শহরাঞ্চলে খোলা জায়গা এবং ছাদে বাগান করার মাধ্যমে তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।